‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ’- এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০১৭ উপলক্ষে কাউখালীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ সপ্তাহ ব্যাপী পালনের নানা কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধনের। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী মৎস্য কর্মকর্তা মৃণাল কান্তি চাকমা, এফ.এ (মৎস্য) প্রদীক কুমার দে, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, সহ-সভাপতি ওমর ফারুক, বিজয়টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ।
১৮ জুলাই মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মৎস্য সপ্তাহ চলবে ২৪ জুলাই সোমবার পর্যন্ত। সম্পাত জুড়ে কর্মসূচিতে রয়েছে সংবাদ সম্মেলন, প্রচারণা মাইকিং, র্যালী, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা কার্যক্রম।
