বান্দরবানের আলীকদমে নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরীর মাতামুহুরী বরককেলা এলাকায় পাহাড়ের খাদে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় কাঠুরিয়ারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃতদেহটি আলীকদমের নোয়াপাড়ার বাসিন্দার নিখোঁজ গরু ব্যবসায়ী মোহাম্মদ হেলালের (৩৪) বলে সনাক্ত করেছে তাঁর পরিবার। চলতি মাসের প্রথম সপ্তাহে পোয়ামুহুরী পাহাড়ে টাকা নিয়ে গরু কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল এ ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের গলায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, ‘পোয়ামুহুরী এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি নিখোঁজ গরু ব্যবসায়ীর বলে সনাক্ত করেছে তাঁর পরিবার। তবে নিখোঁজের ঘটনায় থানায় আগে কোনো জিডি করা হয়নি। হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।’