‘এখনো পাহাড়ে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে’ বিরোধী দলের সংসদ সদস্যের এমন দাবি খন্ডন করে সরকারি দলের সংসদ সদস্য সর্বমিত্র চাকমা বলেন, ‘যদি নিরাপত্তাহীনতায় থাকতেন, তাহলে আপনি একা বাসা থেকে বের হয়ে এই সংসদে কিভাবে আসলেন?’ পরক্ষণেই বিরোধী দলের সংসদ সদস্যের পাল্টা প্রশ্ন প্রত্যন্ত অঞ্চলে কি আমি একা যেতে পারছি? এমন প্রশ্নের জবাবে সংসদ সদস্য সর্বমিত্র চাকমা বললেন, ‘বাইরে থেকে কিভাবে বিভিন্ন শিক্ষার্থীরা এখানে বনভোজনে আসছে?’ পাল্টাপাল্টি এমন তর্ক-বিতর্কে রোববার পাহাড়ি এলাকা রাঙামাটিতে জমে উঠে আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতা। রোববার দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় ক্ষুদে বিতার্কিকরা সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় এমনভাবে একে-অপরকে প্রশ্নের বাণে জর্জরিত করার চেষ্টা চালিয়েছে।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের বিতর্কে অংশ নেয় লেকার্স পাবলিক স্কুল ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সংসদীয় পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতায় বিষয় নির্ধারণ ছিলো, ‘এই সংসদ মনে করে অর্থনৈতিক মুক্তি এবং অবকাঠামোগত উন্নয়ন, পাহাড়ে সন্ত্রাস দূর করার একমাত্র সমাধান।’ এতে সরকারি দলের পক্ষে যুক্তি তুলে ধরেন লেকার্স পাবালিক স্কুল এন্ড কলেজের তিন বিতার্কিক মাধুর্য চাকমা, আল ম্ক্তুাকিন ফাহাদ ও সর্বমিত্র চাকমা। তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে এই অঞ্চলে শান্তির যে সুবাতাস বইছে তা আজো পাহাড়ের প্রতিটা অঞ্চলে প্রবাহিত হচ্ছে। চুক্তির পর এই অঞ্চলে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছে সরকার। প্রকৃত শিক্ষা না থাকলে মনুষ্যত্ব অর্জন সম্ভব না। আর এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রতি মনোযোগ দিয়েছে সরকার।
এর বিপরীতে বিরোধী দলে অবস্থান নেয় রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন বিতার্কিক ফাতেমা, নুসরাত জাহান ও জেরিন সুলতানা। তারা তুলে ধরেন, সমাজে একে-অপরের প্রতি ঘৃনা থাকলে, পারস্পরিক অবিশ্বাস থাকলে তবে সমাজে শান্তি আসবে না, এই অঞ্চল থেকে সন্ত্রাস দূর হবে না। সমাজে কেউ পাহাড়ি-বাঙালি হিসেবে পরিচিত না হয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে পারলেই তবে সমাজ থেকে অন্ধকার দূর করা সম্ভব।
পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের উদ্যোগে রাঙামাটিতে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় এইভাবেই ক্ষুদে বিতার্কিক তাদের যুক্তি তুলে ধরেন। রাঙামাটি রিজিয়নের সহযোগিতায় জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এই বিতর্ক প্রতিযেগিতায় ১৬টি বিদ্যালয় অংশ নেয়। এতে লেকার্স পাবলিক স্কুল চ্যাম্পিয়ন ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হয়।
বিতর্ক শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ। এতে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের অধিনায়ক কর্নেল শামসুল আলম, রাঙামাটি সদর জোন কমান্ডার রেদোয়ানুল ইসলাম, ডিবেট ফেডারেশনের মুখ্য সংগঠক হেফাজত সবুজ, সংগঠক ইশরাত জাহান, তুষার ধর। সঞ্চালনায় ছিলেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুঁথিগত বিদ্যা ছাড়াও সহ-মননশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ঘটাতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে মানসিক বিকাশ সম্ভব না। এর জন্য অন্যান্য বিষয়াবলী সম্বন্ধে জানতে হবে, জ্ঞান লাভ করতে হবে। আর যুক্তির মাধ্যমে পরিশুদ্ধি হয়ে নিজেদের জীবন ও সমাজকে বিকশিত করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ডিজিএফআইয়ের অধিনায়ক কর্নেল শামসুল আলম বলেন, পার্বত্যাঞ্চলে একটি অদৃশ্য শক্তির কারণে এই অঞ্চলের মানুষকে এক হতে দিচ্ছে না। যখনই ঐক্যের কথা আসে তখনই অস্ত্র দিয়ে বিভেদ চেষ্টা করা হয়েছে। তবে সঠিক শিক্ষা ও যুক্তি উপস্থাপনের মাধ্যমে এই অঞ্চল থেকে অন্ধকার দূর করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল থেকেই শহরের ১৬টি বিদ্যালয়কে নিয়ে শুরু হয় প্রথমবারের মতো শুরু হয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। একে-অপরের সাথে বিতর্ক শেষে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় লেকার্স পাবলিক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং সবশেষ বিচারকদের রায়ে লেকার্স চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সংসদ সদস্য সর্বমিত্র চাকমা। গ্রুপ, কোয়ার্টার, সেমিফাইনাল রাউন্ডে প্রতিটি বিদ্যালয় সনাতন বিতর্ক ধারায় অংশ নিলেও ফাইনালে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হয়।
