রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের ডংনালায় বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ কাউসার। সে রাইখারী ডংনালঅ মুলিক্কামারা পাড়ার মো হেলালের ছেলে। এঘটনার পর গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে স্থানীয় সুইচা প্রু মারমার রাবার বাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় বালুর ব্যবসা নিয়ে বিবাদমান নামার পাড়া ও মুলিক্কামারা পাড়ার দু’ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনারদিন রাত প্রায় নয়টার সময় প্রতিপক্ষের দু’ যুবক মুলিক্কামারা পাড়ার ব্যবসায়ী মোঃ কাউসারকে তার ঘর থেকে হাতি তাড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। দীর্ঘক্ষণেও কাউসার ঘরে ফিরে না আসায় আত্মীয়-স্বজন খোঁজাখুজি করতে থাকে। একপর্যায় রাবার বাগানের ভিতর থেকে গোঙ্গানির শব্দ শুনে গুলিবিদ্ধকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক গুলি লাগার চিহ্ন রয়েছে বলে জানা গেছে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূলত কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। ঘটনার সাথে জড়িতরা উভয়ে বন্ধু বলে জানা গেছে। তারা মাঝে মধ্যে রাতের বেলা বন্যহাতি নামলে বন্দুক দিয়ে ফাঁকা গুলি করে হাতি তাড়ায় বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। তবে গুলিবিদ্ধ কাউসারের চাচাত ভাই জাহাঙ্গীর ও তার পরিবারের দাবি, সন্ত্রাসীরা বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তদন্তের পর পুরো বিষয় নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।