বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে জনগণের সামনে তুলে ধরার লক্ষে সারাদেশে একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রাঙামাটির লংগদুতে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টায় মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা প্রশাসন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মঞ্চে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়। র্যালিতে উপেজলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্তসহ উপেজলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি দপ্তরের স্টলসমূহ পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় স্বাস্থ্য বিভাগের স্টলে রক্তচাপ পরীক্ষা করেন। এখানে দর্শনাথীরা বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষাসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে নানা পরামর্শ নিতে পারবেন। এছাড়াও মেলায় কৃষি বিভাগ ফলের পিরামিড, ধান কাটার যন্ত্র, ফ্রুট প্যাকিং পদ্ধতিসহ নানা বিষয়ের ওপর তাদের প্রকল্প উপস্থাপন করেছে। এছাড়াও প্রতিদিন বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
