রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে পাড়াকেন্দ্রের মতো অত্যন্ত সফল একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটিকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পয়ঃব্যবস্থাসহ সকল ক্ষেত্রে দেশের অন্যান্য জেলার সাথে সমান তালে এগিয়ে নিতে পাড়াকেন্দ্রগুলো প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এ পাড়াকেন্দ্র কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসু করতে পাড়াকর্মী ও স্থানীয় জনগণকে ভূমিকা রাখতে হবে।’
মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রকল্পের সহায়তায় পাড়াকেন্দ্রের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত শিশু ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, রাঙামাটি তথা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে একটি সুস্থ্য, সবল ও বুদ্ধিমত্তা প্রজন্ম তৈরি করতে হবে। রাঙ্গামাটি জেলার আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিশেষ করে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ গুলোকে আহ্বান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, ভাইস-চেয়ারম্যান রীতা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনি আক্তার, এলজিএসসি প্রকল্পের কো-অর্ডিনেটর নিকন চাকমা, ভারপ্রাপ্ত হেডম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জানে আলম ।
পরে জেলা প্রশাসক ইউনিয়নের ৮টি পাড়াকেন্দ্রের ৬০জন শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম, পাড়াকেন্দ্রের জন্য দেয়াল ঘড়ি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রোগ্রাম থেকে এর জন্য অর্থায়ন করা হয়েছে।
