বান্দরবানের আলীকদমে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বিকালে চারটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের তুলাতলী এলাকায় মাতামুহুরী নদীর চরে চাষাবাদের কাজ করার সময় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আলী জোহর (২০), রবিউল হাসান (২২)। এসময় নূর মোহাম্মদ (৩৫) নামে আরো একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পুগ্য মারমা বলেন, বৃষ্টির সময় মাতামুহুরী নদীর চরে সবজি ক্ষেতে কাজ করছিল শ্রমিকেরা। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও আহত অবস্থায় একজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিক উল্লাহ জানান, বজ্রপাতে নিহত ২ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আহত অবস্থায় উদ্ধার হওয়া আরেক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Previous Articleগৃহবধুর মরদেহ রেখে পালালো স্বজনরা !
Next Article বান্দরবানে ডাকাত সর্দার’সহ ৩ জনের লাশ উদ্ধার