রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঈদের আমন্ত্রনে যোগ দিতে এক দলীয় নেতার বাসায় যাওয়ার সময় চিৎমরম এলাকায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহ আলম এর উপর হামলা চালিয়ে তার গাড়ীটি ব্যাপক ভাংচুর করেছে একদল দুর্র্বৃত্ত। বিএনপি সভাপতি মো: শাহ আলম এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ি করেছেন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম জানিয়েছেন, শুক্রবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে জেলা বিএনপির সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মী দুটি গাড়ী যোগে কাপ্তাই যান। সেখানে চিৎমরম এলাকায় পৌঁছালে ছাত্রলীগের কয়েকজন কর্মী তিনটি মোটর সাইকেলযোগে এসে হামলা চালয়ে গাড়ীটি ভাংচুর করে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিকভাবে কাপ্তাই থানা ও স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং আমরা নেতৃবৃন্দরা কাপ্তাই থেকে চলে আসি।
এই হামলার ঘটনার পর প্রতিবাদে বিকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মিছিলে জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ মানিক, আবু সুফিয়ান রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসন সাকুসহ ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। মিছিলোত্তর সমাবেশ থেকে অবিলম্বে জেলা বিএনপির সভাপতির গাড়ীবহরে হামলাকারিদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
