বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটির জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহ। শুক্রবার সকালে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচী পালিত হয়।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সদর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ মো: সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গির আলম তালুকদারসহ আরো অনেকে। সমাবেশের সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নাসের খান।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ ভাবে দেশের শাসন ক্ষমতা দখল করেছে। তারা বর্তমানে দেশে অরাজগতা সৃষ্টি করে রেখেছে। দেশের মানুষ এ সরকারের আমলে শান্তিতে নেই। আওয়ামী লীগ থেকে জনগণ মুখ সরিয়ে নিয়েছে।
তারা আরো বলেন, বর্তমান সরকার অবৈধভাবে আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্যে পায়তারা করছে। তাই তারা বিএনপির চেয়ারপার্সনকে অন্যায় ভাবে মিথ্যা অভিযোগে কারাগারে আটকে রেখেছে। সমাবেশ থেকে অবিলম্বে বিএনপির চেয়ারপার্সনকে মুক্তি দেয়ার জোর দাবি জানান নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচী রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলাও পালিত হয়েছে বলে জানা যায়।
