পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করার লক্ষ্যে উন্নত জাতের বাঁশ উৎপাদন প্রকল্পের আওতায় ৪ হাজার ২শ ২০ জন প্রান্তিক বাঁশ চাষিকে নির্বাচিত করা হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে এসব বাঁশ চাষির মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ১৩ হাজারটি বাঁশ বাগান সৃজন করা হবে এবং ২৬০টি বাঁশ ভিত্তিক কুটির শিল্প স্থাপনে সহায়তা করা হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২৩ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
শনিবার প্রকল্পের আওতায় উপকারভোগী রাঙামাটি সদর উপজেলার ৭৮ জন বাঁশ চাষির মধ্যে বিনামূল্যে প্রত্যেককে ২১৫টি করে ৬ প্রজাতির বাঁশের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এ সময় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, বাঁশ চাষ প্রকল্পের পরিচালক শাহিনুর ইসলাম, উন্নয়ন বোর্ড সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা।
নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ে সম্ভাবনাময় কৃষি সেক্টরে বিভিন্ন আয়বর্ধকমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে অনগ্রসর দরিদ্র ও প্রান্তিক লোকজনদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও নতুন সেক্টরে আয়বর্ধকমূলক প্রকল্প গ্রহণ করা হবে।