সারাবিশ্বের মতো বাংলাদেশও মেতে উঠেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। ছেলেবুড়ো বিভিন্ন বয়সী এখন ভাসছে এই জোয়ারে। ব্যতিক্রম নয় পার্বত্য চট্টগ্রামের নেতারাও।
পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর পক্ষ থেকে যোগাযোগ করে জানা গেছে পার্বত্য তিন জেলাকে নেতৃত্ব দেয়া শীর্ষ নেতা ও দায়িত্বশীলদের পছন্দের ও প্রিয় দল কোনটি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি’র প্রিয় দল ব্রাজিল। ফুটবলের সাথে জীবনের অনেকটা সময় জড়িয়ে থাকা জনপ্রিয় এই রাজনীতিক মনে করেন, এবারের শিরোপার অন্যতম দাবিদারও ব্রাজিল।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের প্রিয় দল ব্রাজিল। তিনি মনে করেন এবারেও শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে দলটি।
রাঙামাটির সংরক্ষিত আসনের সদস্য ফিরোজা বেগম চিনুর প্রিয় দল আর্জেন্টিনা এবং প্রিয় খেলোয়াড় ম্যারাডোনা। তিনি বলেন, আমি আশাবাদী আমার প্রিয় দলটিই এবার চ্যাম্পিয়ন হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা’র প্রিয় ফুটবল দল ব্রাজিল। ব্রাজিলের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তিনি বলেন, আমি দেখেছি ব্রাজিলের মানুষের রক্তে মিশে আছে ফুটবল। ওদের এই ফুটবল প্রেম আমাকে অবাক করে। আমি বরাবরই ব্রাজিলের সাপোর্টার।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার প্রিয় দল আর্জেন্টিনা। তিনি মনে করেন এবার চ্যাম্পিয়নও হবে তার প্রিয় দলটি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর আর্জেন্টিনার সমর্থক। তিনি দৃঢ়তার সাথে বলেন, এবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম বলেন, আমি সবসময় আর্জেন্টিনার সমর্থক। কিন্তু এবার খেলাটেলা কিছু ভালো লাগছেনা। নেত্রীকে মুক্ত করাটাই এখন মূল চিন্তা।
বিএনপির কেন্দ্রীয় নেতা মনীষ দেওয়ান। তিনি বলেন, আমি অতীতে সবসময় আর্জেন্টিনার সমর্থক ছিলাম। তবে এবার খেলার ব্যাপারে আগ্রহ কম। এবার যে দল ভালো খেলবে তাকেই সমর্থন করব।
খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। তবে এবার আর্জেন্টিনার অবস্থা ভালো মনে হচ্ছেনা,সম্ভাবনাও কম মনে হচ্ছে।
