‘পুরুষতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পর থেকে নারীদের অধিকার খর্ব হয়ে গেছে। সমাজের আমূল পরিবর্তন না করতে পারলে নারীর অধিকার এবং মর্যাদা কোনো ভাবেই সম্ভব নয়। তাই সমাজের আমূল পরিবর্তনের জন্য আমাদের সংগ্রাম করতে হবে।’ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তজার্তিক নারী দিবসে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আমাদের ইস্পাত কঠিন আন্দোলনে এগিয়ে যেতে হবে। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা না করতে পারলে সমাজ এগিয়ে যাবে না। পার্বত্য চট্টগ্রামে এখনো সামন্ত-শাসন বিরাজ রয়েছে। এই শাসন ব্যবস্থাকে আমাদের পরিবর্তন করতে হবে।’
বক্তারা আরও বলেন, যতদিন আমাদের জাতীয় অস্তিত্ব তথা পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না। ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন ছাড়া জুম্মজাতির মুক্তির পথ নেই।
বৃহস্পতিবার সকাল দশটায় ‘এখনই সময় গ্রামীণ ও শুহুরে নারী সমাজের জীবনমান নিশ্চিত করার’ এই স্লোগানে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলার সভাপতি সোনা রানী চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জড়িতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমন মারমা। এতে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রিনা চাকমা।
