রাঙামাটি ব্যস্ততম শহর বনরূপা ফরেস্ট কলোনী এলাকায় কবরস্থানের বিপরীতে বিভিন্ন সময়ে গড়ে উঠা অবৈধ দোকানগুলোকে একাধিকবার উচ্ছেদ করা হলেও ঠিক কিছু দিনের মধ্যে আবারও তারা সড়কের জায়গায় তৈরি করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার এই অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবারো উচ্ছেদ করে প্রশাসন।
ফরেস্ট কলোনির একাধিক বাসিন্দার সাথে কথা হলে তারা জানান, অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে করা হয়েছে তা হচ্ছে সড়কের জায়গা। এখানে দোকান থাকায় যাতায়াতের কিছুটা সমস্যা হয় এবং বিপরীত পাশে কবরস্থান থাকায় তার পবিত্রতা রক্ষায়ও সমস্যা সৃষ্টি হয় বলে জানান এলাকাবাসী। তাই আবারো যাতে এখানে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান করা না হয় সে জন্যে প্রশাসনকে দৃষ্টি করার অনুরোধ জানান তারা।
ব্যবসায়ী নেতা বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক হালিম শেখ এ প্রসঙ্গে জানান, এই জায়গায় এর আগেও ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর প্রায় ৩৫টি দোকান উচ্ছেদ করা হয়েছিলো। কিন্তু পরে দেখা যায় তারা অস্থায়ীভাবে ব্যবসা প্রতিষ্ঠান করলেও পরে আবারো স্থায়ীভাবে দোকান করা শুরু করে। পরে গত বৃহস্পতিবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় ৪০টি মত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলার জামাল উদ্দিন জানান, বন বিভাগ তাদের সীমানা প্রাচীর তৈরি করবে। তাদের এই কাজের টেন্ডার হয়েছে। কিন্তু যে টেন্ডার পেয়েছে সে কাজ শুরু করতে পারছে না, কারণ সীমানা প্রাচীরের পাশেই তৈরি করা হয়েছে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। তাই বিগত জেলা আইন-শৃঙ্খলা সভায় এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং পরবর্তীতে গত বৃহস্পতিবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদেরকে দোকানের মালামাল সরিয়ে নিতে দুই ঘন্টার সময় দেওয়া হয়। পরে ব্যবসায়িরা দোকানের মালামাল সরিয়ে নিলে অবৈধ প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হয়।
১ Comment
একটি ভালো উদ্যেগ। ঐ রাস্তায় অবৈধ দোকানগুলোর কারনে সবসময় একটি জনজট লেগেই থাকে। মহিলাদের চলাফেরা করতে ঐ রাস্তায় নানা কটুক্তিও শুনতে হয়। আশা করবো ভবিষ্যতে যেন রাস্তাটি অবৈধ দখলমুক্ত আর পরিচ্ছন্ন থাকে।