রাঙামাটিতে বিদেশ গমনেচ্ছুদের জন্য চার মাস মেয়াদী জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার। প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তায় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার থেকে শুরু হয়েছে বিদেশ গমনেচ্ছু কর্মীদের জাপানি ভাষার ওপর ৪ মাস মেয়াদী ভাষা প্রশিক্ষণ কোর্স। এই কোর্স এ রাঙামটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলার ৩১ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় বিদেশ গমনেচ্ছুদের ভাষা বিষয়ক এ প্রশিক্ষণ প্রথমবারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে।
রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সানাউদ্দিন শেখ এর সভাপতিত্বে ভাষা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ ও পরিচালনা) ড. মো: নূরুল ইসলাম, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. নিমতা হালদার বলেন, বিশ্বের ১৬৫টি দেশে বর্তমানে বাংলাদেশের এক কোটি লোক কর্মরত রয়েছে। তবে এদের অধিকাংশই কাক্সিক্ষত মজুরি পাচ্ছে না। এর মূল কারণ বাংলাদেশ থেকে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারছি না। পাশাপাশি এদের ভাষাগত দুর্বলতা রয়েছে। আমাদের বৈদেশিক কর্মসংস্থান দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল রয়েছে। আমরা এই ধারা থেকে বের হয়ে আসতে চাই। সরকারি উদ্যোগে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন দেশের ভাষার ওপর এখন প্রশিক্ষণ প্রদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন জাপান, কোরিয়াসহ অন্যান্য দেশগুলোতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে উভয় দেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। তিনি সম্প্রতি চীনে প্রতারণার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়েদের পাচারের বিভিন্ন নিউজের বিষয়ে বলেন, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দালাল চক্রের ফাঁদে আমাদের মেয়েরা যাতে পা না দেয়, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় জাপানি ভাষায় প্রশিক্ষণ গ্রহণ শেষে যারা এই দক্ষতা প্রদর্শনে সক্ষম হবে তাদের জাপানি কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক বিভিন্ন কর্মসংস্থানের বিপরীতে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে জাপান প্রেরণ করা হবে।
পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার টিটিসিতে জাপানি ভাষা প্রশিক্ষণ কক্ষের উদ্বোধন করেন একং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন।
