ডেস্ক রিপোর্ট ॥
“রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রাঙামাটিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। রবিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উদযাপনের অংশ হিসাবে আলোচনাসভা ও চেক বিতরণ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের আহ্বায়ক জনাব প্রবর্তক চাকমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব এস এম ফেরদৌস ইসলাম। এছাড়াও সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সহকারি পরিচালক রুপনা চাকমা ও সহকারি পরিচালক বিশ্বজিৎ চাকমা সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক।
সভায় বক্তারা অটিস্টিক শিশুদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের পরিবারের সদস্য। তাদের প্রতি যতœশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অটিজমে আক্রান্ত ব্যক্তি ও শিশুদের জন্য বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে বিশদ বর্ণনা করেন। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
এছাড়াও ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ষ্ট্রোকে প্যারালাইসড এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন জনপ্রতি ৫০,০০০ টাকা করে ১০০ জন রোগীকে ৫০,০০,০০০ লক্ষ টাকা অনুদান এবং শহর সমাজসেবা কার্যালয়, রাঙামাটির আওতায় ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগী পালন, গবাদী পশু পালনের জন্য বিভিন্ন স্কীমে ৭০ জনকে ৫১,০০,০০০ লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।
