মাটিরাঙ্গা প্রতিনিধি ।।
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস ভারতীয় ঔষধসহ দীনমোহন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। একই ঘটনায় কালা ত্রিপুরা নামে আরেকজন পলাতক রয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০দিকে এক সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে ভারতীয় ঔষধ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সদয়পাড়া এলাকায় মজুত করা হয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুত রাখা ৬ লাখ ২৫ হাজার ৮৪০পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দিনমোহন ত্রিপুরাকে আটক করা হয়। আটককৃত হলেন মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাঁন মোহন ত্রিপুরা ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, প্রায়ই সময় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ঔষধ প্রবেশ করছে। দীন মোহন ত্রিপুরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ইতিপূর্বে তারা অবৈধভাবে ওয়াছু রাবার বাগান সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল বাংলাদেশে আনয়ন করে খাগড়াছড়ি ও চট্রগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এসব ওষুধ অবৈধ পথে আমদানি রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে।
আটককৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ওষুধ যার আনুমানিক বাজার মূল্য ৩১লাখ ২৯ হাজার ২শত টাকা।
