নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘ বিরতির পর রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে ১২ মার্চ রবিবার তিনটায় শুরু হতে যাচ্ছে রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার মোট ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কাউখালী, জুরাছড়ি, বাঘাইছড়ি, বিলাইছড়ি, নানিয়াচর উপজেলা দল নিয়ে ‘ক’ গ্রুপ। রাঙামাটি সদর, বরকল, রাজস্থলী, কাপ্তাই, লংগদু উপজেলা নিয়ে ‘খ’ গ্রুপ। নকআউট ভিত্তিতে খেলে দুই গ্রুপের শীর্ষ দুই উপজেলা দল আগামী ১৮ মার্চ শনিবার ফাইনালে মুখোমুখি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও রাঙামাটি ফুটবল উপ-পরিষদের আহবায়ক মীর আবু তৌহিদ, বিপিএম(বার)। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় রাঙামাটি জেলা প্রশাসন ও সার্বিক ব্যবস্থাপনায় রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী খেলায় কাউখালী উপজেলা মুখোমুখি হবে জুরাছড়ি উপজেলার সাথে।
