খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করা হয়েছে। এসময় স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদান প্রদান করা হয়। সোমবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে বিদ্যালয় মাঠে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে সোলার প্যানেল, সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, আওয়ামীলীগ সরকারের সময়ে সারাদেশের মত পাহাড়েও সমানতালে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকে। পার্বত্য চুক্তি থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া পাহাড় নিয়ে কেউ এতটা ভাবেনি। সব তাঁর অবদান। সরকারের এই কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয়দের সহযোগিতা আশা করেন তিনি।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সদয় পাড়া শিব মন্দির হতে থাংতং পাড়া পর্যন্ত রাস্তা, তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বঙ্গববন্ধুর ম্যুরালসহ গ্রামীণ রাস্তা, ব্রিজসহ কয়েক কোটি টাকার বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পেন উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
