মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
ঠাণ্ডা বাতাসের দাপটে পাহাড়ি পল্লীতে ঝেঁকে বসেছে শীত। হিম হিম ঠাণ্ডায় পাহাড়ের জনজীবন। শীতের শেষ সময়েও তীব্রতা বেশি কাবু করেছে পাহাড়ি জনপদের নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি’র পক্ষ টিম মাটিরাঙ্গার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, মাটিরাঙ্গা উপজেলা কালবেলা পত্রিকার প্রতিনিধি আবুল হাসান, দৈনিক পূর্বকোণ উপজেলা প্রতিনিধি ছোটন চৌধুরী।

পাহাড়ী জনপদ ওয়াচু পাড়ার বাসিন্দা বাদল ত্রিপুরা ও হেমালিনী ত্রিপুরা বলেন, আমাদের কম্বল কেনার টাকা নেই। শীতে আমাদের জীবন যায় যায়। সরকারি কম্বলে আমাদের শীত কিছুটা হলেও কমবে।
এসময় টিম মাটিরাঙ্গার সভাপতি সাগর চক্রবর্তী কমল, সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ দে’সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
