প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ ২০২৩ উদযাপনের অংশ হিসেবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে রবিবার উৎসবমুখর পরিবেশে সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ উপলক্ষে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মীর সোহান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও জোন কমান্ডার বি এম আশিকুর রহমান,পিএসসি, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি নতুন শ্রেণিতে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে ও আলোকিত মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয়ী হওয়ার আহ্বান জানান।(বিজ্ঞপ্তি)
