দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালার ৪নম্বর দীঘিনালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৪ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চন্দ্র রঞ্জন চাকমা। বৃহস্পতিবার দীঘিনালা উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে শুধুমাত্র দীঘিনালা (এক ইউনিয়ন) ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম দীঘিনালায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সাবেক চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বিজয়ী হয়েছেন। আর ভোটের ব্যাবধানে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমার অবস্থান চতুর্থ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চন্দ্র রঞ্জন চাকমা পেয়েছেন ২হাজার ৪৬৯ ভোট। দ্বিতীয় অবস্থানে আরেক স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে জীব কান্তি চাকমা পেয়েছেন ২হাজার ৪২৫ ভোট। বর্তমান চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ১হাজার ৯৭১ ভোট। বিদ্যুৎ বরণ চাকমা নৌকা প্রতীকে ১হাজার ৫১৮ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে। আর বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ধ্বনিতা চাকমা টেবিল ফ্যান প্রতীকে ৪৬৩ ভোট পেয়ে পঞ্চম (সর্বশেষ) অবস্থানে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, ইউনিয়নটিতে ভোটার সংখ্যা ১২হাজার ৩০৪জন, ৯টি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে। এবারই প্রথম দীঘিনালায় ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়েছে।
