জিয়াউল জিয়া
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক সড়কে ফের পর্যটকবাহী পিকআপ দুর্ঘটনায় ৪ পর্যটক আহত হয়েছেন। সোমবার দুপুরে দীঘিনালা-সাজেক সড়কের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে খাগড়াছড়ি থেকে পর্যটক নিয়ে সাজেক যাওয়ার পথে বাঁকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এ সময় সড়কে ছিটকে পড়ে ৪ জন আহত হয়। আহতদের মধ্যে জুবেদা বেগম নামে এক নারীকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ঢাকা থেকে সাজেক ঘুরতে যাচ্ছিলেন তারা।
পর্যটকবাহী পিকআপ ও জিপগাড়ির বেপরোয়া গতিতে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এই সড়ক। অদক্ষ চালক ও ফিটনেস বিহীন পরিবহনের দৌরাত্ম্য বাড়লেও সংশ্লিষ্ট কারও কোন হস্তক্ষেপ নেই। গেল শুক্রবার সাজেক সড়কে জীপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, আমরা প্রায় সময় চালক ও গাড়ির লাইসেন্স মোবাইল কোর্টের মাধ্যমে দেখার চেষ্টা করেছিলাম। যখন মোবাইল কোর্ট পরিচলানা করা হয়, সেই কয়েকদিন ভালোভাবে চললেও পরে আবার সাইসেন্সবিহীন গাড়ি ও চালকরা আবার সড়কে নেমে আসে। আমরা উপজেলা থেকে এতোটা দূরে যে প্রতিদিন গিয়ে দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, সড়ক স¤প্রসারণের জন্য আমি প্রস্তাব পাঠিয়েছে। এটি হলে অনেকটা দুর্ঘটনা কমে আসবে আশা করি।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সাজেক বাঘাইছড়ি উপজেলা থেকে অনেক দুরে, সেখানে প্রতিনিয়ত প্রশাসনিক কার্যক্রম চালানো কঠিন। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছে। দুর্ঘটনা বাড়ছে, এটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়েও আমরা পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, সাজেকে একটি হাসপাতাল নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
