জিয়াউল জিয়া
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাজপথে অবস্থান করছে রাঙামাটি জেলা যুবলীগ।
শনিবার সকালে শহরের পৌরচত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হ্যাপির মোড় এলাকায় সমাবেশ করে। সমাবেশ শেষে রাজপথে অবস্থান করে নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচীতে যুবলীগ ছাড়াও অংশ নেয় ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা।
সমাবেশ বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শামসুর আলম, পৌর যুবলীগের সভাপতি আবু মুছা, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা, সহ-সভাপতি শহিদুল ইসলাম স্বপন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুুর মোহাম্মদ কাজল প্রমুখ।
জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশের নামে দেশে আবারো পেট্রোল বোমার রাজনীতি শুরু করার অপচেষ্টা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তাদেরকে এই সুযোগ আর দেব না।
জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুুর মোহাম্মদ কাজল বলেন, গত কয়েকদিনে বিভিন্ন স্থানে পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি। সন্ত্রাসী কর্মকান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে রাজপথে প্রতিহত করা হবে।
জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে সহিংসতা করছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জবাব দিতে রাজপথেই যুবলীগ রয়েছে এবং থাকবে।
