শুভ্র মিশু
রাঙামাটির জুরাছড়িতে উদ্বোধন হয়েছে দেশের সবচেয়ে বড় সিংহশয্যা বুদ্ধমূর্তি। বুধবার সকালে বুদ্ধমূর্তিটির উদ্বোধন করেন রাজ বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এইসময় হাজারো উপাসক উপাসিকাসহ বিভিন্ন বিহারের ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির জুরাছড়ি উপজেলার রাজ বনবিহারের সুবলং শাখা বনবিহারের এই সর্বোচ্চ বুদ্ধমূর্তি স্থাপন করা হয়। মূর্তিটি ১২৬ফুট দীর্ঘতম সিংহশয্যা। প্রস্থ ৪০ফুট, উচ্চতা ৬০ফুট। সিংহ শয্যার এই বুদ্ধমূর্তি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫কৌটি টাকা। এতে সরকারি কোন অনুদান ছিল না। যার সম্পূর্ণ টাকা খরচ করা হয়েছে উপসক উপসিকা দায়ক দায়িকাদের থেকে।
২০১৬সালের ফেব্রুয়ারিতে এই মূর্তিটির নির্মাণ কাজ শুরু হয়ে তা শেষ হয় ২০২১সালের শেষের দিকে। এই বুদ্ধমূর্তিটির স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া , প্রকৌশলী ছিলেন প্রতিপদ দেওয়ান ও দয়াল চন্দ্র চাকমা।
সুবলং শাখা বনবিহারটি প্রায় সাড়ে ১২একর জায়গার উপর নির্মিত। সিংহশয্যার গৌতম বুদ্ধের এই মূর্তিটির ঘিরে রয়েছে নানা কারুকাজ। সামনে খোলা ময়দান আর ফুলের বাগান। দর্শনার্থীদের জন্য মূর্তিটি উন্মুক্ত রাখা হয়েছে। আর নিরাপত্তায় রাখা হয়েছে সিসি ক্যামরা। স্থানীয় যুবকরা পালাক্রমে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, সরকারি অনুদান ছাড়া বুদ্ধমূর্তিটি নির্মাণে উপজেলার শত শত মানুষ দূর দূরান্তের ঝিরিসহ বিভিন্ন স্থান থেকে পাথরসহ নানা উপকরণ সংগ্রহ করেছে। বিনা পয়সায় শ্রম দিয়েছে। স্থানীয় দায়ক দায়িকা, উপসক উপাসিকা ও সাধারণ মানুষের দেওয়া অর্থ দিয়ে এই মূর্তিটি তৈরি হয়েছে। এই বুদ্ধমূর্তিটির কারণে পর্যটন শিল্প সমৃদ্ধশালী এবং প্রত্যন্ত এই উপজেলার অর্থনীতি শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয়রা।
রাঙামাটি সদর থেকে পানিপথে ৫৭ কিলোমিটার দূরত্বে বিহারটি অবস্থিত। দর্শনার্থীদের সেখানে যেতে হবে নৌপথে রিজার্ভ বোট নিয়ে কিংবা লোকাল লঞ্চ যোগে জুরাছড়ি উপজেলা সদরে। সেখান থেকে সিএনজি কিংবা মোটরসাকেল যোগে পৌঁছানো যাবে সেখানে।
রাঙামাটি জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, সিংহশয্যার বুদ্ধমূর্তিটি অনেকে বলছেন এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বুদ্ধমূর্তি, তবে সে বিষয়ে আমরা নিশ্চিত না হলেও এটা ঠিক এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি। রাজ বনবিহারের পরিনির্বাণপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির(বনভান্তে) স্মৃতিতে এই বুদ্ধমূর্তিটি নির্মাণ করা হয়েছে। এই মূর্তিটি নির্মাণে ৫কোটি টাকার মত খরছ হয়েছে। এইটাকা সরকারি কোন প্রকার অনুদান ছাড়া স্থানীয়রা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ না সেচ্ছাশ্রমের মাধ্যমে সংগ্রহ করেছে।
দেশের সর্বোচ্চ সিংহশয্যার এই বুদ্ধমূর্তির উদ্বোধন উপলক্ষ্যে ১৬-১৮নভেম্বর তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
