নিজস্ব প্রতিবেদক, লংগদু
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মীর সিরাজুল ইসলাম(ঝান্টু), উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক মো. এখলাস মিঞা খান।
এছাড়াও কলেজের প্রভাষক, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকাসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন তথা আধুনিক পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে পারস্পরিক সহযোগিতা কামনা করেন।
