কাপ্তাই প্রতিনিধি
ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল, রাঙামাটির ৬ জন সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে কাপ্তাইয়ে রবিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।
কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার সংবাদকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সচেতন নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি মোঃ আজগর খান, সাংবাদিক অর্ণব মল্লিক, সংগঠক আদনান সরোয়ার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় নালন্দা বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভান্তে, সংস্কৃতিকর্মী বসুদেব, জয়নাল আবেদীন, তৃষা, বৃষ্টি আক্তার, সামাউ মারমা, সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ইমতিয়াজ, সুমন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উক্ত মানববন্ধনে অংশ নিয়েছেন।
মানববন্ধনে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করার পাশাপাশি, রাঙামাটিতে ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এছাড়া সত্য সংবাদ প্রকাশে যেন সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা পায় সেজন্য সকলকে সহযোগিতা করার আহবান জানানো হয়।
প্রসঙ্গত, রাঙামাটি ডিসি বাংলো পার্কে একটি রেস্টুরেন্ট ইজারা সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ফজলে এলাহী ও আলোকিত রাঙামাটির সম্পাদক জাভেদ নূরকে আসামী করে পৃথক দুটি মামলা করেন রাঙামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত আসনের নারী এমপি ফিরোজা বেগম চিনু ও তার কণ্যা নাজনীন আনোয়ার নিপূন। দুটি মামলাই সাইবার ট্রাইবুনালে নেয়া হলে আদালত চিনুর মামলাটি খারিজ করে দিয়ে তার মেয়ের মামলাটিতে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত ৭ জুন ফজলে এলাহীকে গ্রেফতার করে পুলিশ। পরদিন জামিনে মুক্ত হন তিনি। সেই সময় এই মামলা ও গ্রেফতারের প্রতিবাদে দেশে বিদেশে তীব্র প্রতিবাদের ঢেউ উঠে। সেইসময় সোশ্যাল মিডিয়ায় ফজলে এলাহীর পক্ষে দেয়া স্ট্যাটাসে মানহানি হয়েছে এমন অভিযোগ এনে ফজলে এলাহীসহ ৬ সংবাদকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো অনেককে আসামী করে সাইবার ট্রাইবুন্যালে আরো একটি মামলা করেন চিনু কণ্যা নিপূণ। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে। এই মামলায় দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ,ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার অনির্বাণ শাহরিয়ার,দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম,জাগো নিউজের রাঙামাটি প্রতিনিধি সাইফুলউদ্দীন ও বণিকবার্তার রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনিকে আসামী করা হয়েছে।
