বুধবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাস্থল থেকে রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার ও পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটকের পর তাদের শাহবাগ থানায় নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় নেতা এসএম হক। আটক জাহাঙ্গীর ও সাব্বিরকে শাহবাগ থানায় দায়ের করার মামলায় আসামী দেখানো হতে পারে বলে শংকার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে জাহাঙ্গীর ও সাব্বিরকে আটকের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করে রাঙামাটির ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার বিকালে তারা শহরের বনরূপাস্থল বিক্ষোভ বের করলে পুলিশ বাঁধাদেয়। এরপরে ছাত্রদলের নেতাকর্মীরা কাঁঠালতলী, পৌরসভা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। রাস্তার ইট-পাথর ও গাছের গুড়ি দিয়ে বেরিগেট তৈরি করার চেষ্টা করে।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহাদ জানিয়েছেন, আমাদের রাঙামাটির নেতাকর্মীরা কারাবন্দী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের দেখতে ঢাকা যায়। আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা থাকায়, সেখানে সকল নেতাকর্মীরা হাজির হয়, সে স্থান থেকে পুলিশ আমাদের জেলা নেতাদের আটক করে । আমরা এই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ আমাদেরকে বাঁধা দেয়, এসময় আমাদের প্রায় ৪-৫ জন নেতাকর্মী আহত হয়।
গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিদেন এ নেতা।
রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া জানিয়েছেন, কিছু ছেলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরে সেখানে পদক্ষেপ নেই। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।
