ঝুলন দত্ত, কাপ্তাই
অবশেষে কাপ্তাইয়ে কারিগর পাড়া হতে বিলাইছড়ি সদর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের কাজ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সড়কের কাজ আজ শনিবার উদ্বোধন হতে যাচ্ছে। দীর্ঘ সময় পর হলেও সড়কটির কাজ শুরু হওয়ায় খুশি এই অঞ্চলের বাসিন্দারা। রাঙামাটি জেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) তত্ত্বাবধানে সড়কটি নির্মাণ করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
এলজিইডি’র কাপ্তাই উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, গত ৪ মে একনেকের সভায় গণভবন হতে ভার্চুয়ালি যোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের অনুমোদন দেন। ৩৩৮ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডির উদ্যোগে নির্মিতব্য সড়কটির নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালে।
উপজেলা প্রকৌশলী আরোও জানান, কাপ্তাইয়ের কারিগর পাড়া হতে বিলাইছড়ি পর্যন্ত সর্বমোট ৪০ কি. মি. দুর্গম সড়ক নির্মাণ করা হবে। তৎমধ্যে ৩১ কি. মি. কাপ্তাই অংশে এবং ৯ কি. মি. বিলাইছড়ি উপজেলার অংশে পড়েছে। অধিকাংশ পথই উঁচু-নিচু পাহাড়বেষ্টিত। এই ৪০ কি. মি. সড়কে সর্বমোট ১১ টি সেতু নির্মাণ করা হবে। সাতটি কাপ্তাই উপজেলা অংশে এবং চারটি বিলাইছড়ি উপজেলা অংশে সেতু নির্মাণ করা হবে। বিলাইছড়ি অংশে প্রতিটি সেতু হবে ৪শত মিটার। তিনি এই বিশাল কর্মযজ্ঞে শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. জাকরিয়া বলেন, প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলার রাইখালী এলাকার জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা উন্নতি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
ভালুকিয়া এলাকার নিহার তঞ্চঙ্গ্যা জানান, কারিগর পাড়া হতে বিলাইছড়ি পর্যন্ত সড়ক করা হলে সড়কের ব্যবহারকারী ও পিছিয়ে থাকা জনসাধারণের উন্নতি বয়ে আনবে। আমাদের এলাকাটি একটি দুর্গম পাহাড়ি জনপদ ও সবদিকে পিছিয়ে থাকা এলাকা। অনুমোদিত প্রকল্পের অর্থ যাতে দুর্নীতি না হয়ে যথাযথভাবে ব্যয় করে বাস্তবায়িত হয় এবং জনসাধারণের ও দেশের স্বার্থে উন্নতি জন্য কাজ করা হয় সেটাই আমাদের প্রত্যাশা।
যোগাযোগ করা হলে রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুইচাইপ্রু মারমা ও সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র বাংলাদেশে যে উন্নয়ন এর জোয়ার সৃষ্টি করেছে তারই ধারাবাহিকতায় দুর্গম এই অঞ্চলে এই সড়ক নির্মাণ কাজ করা হবে।
এদিকে শুক্রবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে। যার ফলে এই অঞ্চলে অর্থনৈতিক গতিশীলতা লাভ করবে।
সড়কটির নির্মাণ কাজ শেষ হলে এর আশেপাশের কয়েক হাজার অধিবাসী এবং সড়ক ব্যবহারকারীরা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে তাদের জীবনমানের উন্নয়ন ছাড়াও সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে বলে স্থানীয়দের এমন ধারণা।
