কাউখালী প্রতিনিধি
অবশেষে দীর্ঘ ৭ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কাউখালী উপজেলা বিএনপি’র। রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে গোপন ভোটের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এ ভোটে মাত্র এক ভোট বেশি পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোতালে মেম্বার।
রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল স্বাক্ষরিত কাউখালী উপজেলা বিএনপি’র নির্বাচন-২২ রেজাল্ট সিটে দেখা যায়, সভাপতি পদে ২ প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর হোসেন ৩০ ভোট ও এমএ মনছুর ২৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মোতালেব মেম্বার ৩২ ভোট, আবুল কাশেম পেয়েছে ২৭ ভোট। সাংগঠনিক পদে মো. তারা মিয়া ৩২, মো. কামাল ০২ ও মো. আব্দুল মোতালেব পেয়েছে ২৫ ভোট।
সে অনুযায়ী আগামী ৩ বছর কাউখালী উপজেলা বিএনপির নেতৃত্ব দিবেন জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুল মোতালেব মেম্বার ও মো. তারা মিয়া।
নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন- পূর্বে দুর্বল নেতৃত্বের কারণে দলে ভেদাভেদ তৈরি হয়েছিলো। এখন দলের সকল ভেদাভেদ ভুলে নতুন করে দলকে সাজাতে চেষ্টা করে যাবো। পরাজিত প্রার্থীকে নিয়ে দল সাজাবেন কিনা প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একক ভাবে কাজ করার কোন সুযোগ নেই। দলের স্বার্থে কাঁধে কাধ রেখে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করাই হবে আমার অন্যতম কাজ।
সভাপতি পদে নির্বাচন করা অপর প্রার্থী এমএ মনছুর সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি বলেন- এ নির্বাচন টাকায় কেনা ভোটের নির্বাচন হয়েছে। ভোটের আগের দিন রাতে ২২ জন ভোটারকে রাঙামাটির একটি হোটেল নিয়ে রাখা হয়েছে। অসৎ উদ্দেশ্য টাকার প্যাকেট দেওয়া হয়েছে সবাইকে। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মেম্বার তাদের সাথে দফায় দফায় বৈঠক করেছে। বিষয়টি আমি জেলা বিএনপির সভাপতি, সম্পাদককে জানিয়েছিলাম। তারা বিষয়টি দেখবেন বলেছেন। তারা কি দেখেছেন তারাই ভালো জানেন। এগুলো কি নির্বাচন নাকি নোংরামি। তারপর দলের স্বার্থে নির্বাচন মেনে নিয়েছি। নতুন নেতৃত্ব যদি দলের জন্য আমি ডাকে, অবশ্যই আমি আমার সবটুকু দিয়ে কাজ করে যাবো। তারা আমাকে না ডাকলেও আমি দলের ছিলাম, আছি, থাকবো।
