মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের পরিস্থিতির কোন উন্নতি হয়নি। রবিবার সকাল থেকেও মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাবর্ষণ হচ্ছে। সীমান্তের আশপাশে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না বিজিবি। নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। সীমান্তের বর্তমান পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন আতঙ্কিত সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া মানুষদের খোঁজখবর নিচ্ছেন এবং সীমান্তবাসীদের আতঙ্ক কাটাতে কাজ করছেন।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটি বৈঠক হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও সালমা ফেরদৌস। বৈঠকে সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলাপ-আলোচনা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সীমান্ত পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকের বিভিন্ন সুপারিশনামা লিখিত আকারে জেলা প্রশাসক বরাবরে পাঠানো হবে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী। তিনি আরো জানান, সীমান্তের বর্তমান পরিস্থিতি সবাইকে ভাবিয়ে তুলেছে। সাধারণ মানুষদের নিরাপদে রাখতে এবং চলমান এসএসসি পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার নিমিত্তে স্থানীয় সরকারদলীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান, সীমান্তের সার্বিক পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে অবহিত করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।
