নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিনব কায়দায় দোকানে ঢুকে নগদ অর্থ চুরি করেছে চোরের দল। গত মঙ্গলবার দুপুরে এই চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে গত বুধবার চুরি হওয়া দুই দোকানের পক্ষে বিএম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জনি দাশ কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, রিজার্ভ বাজার নতুন বাস স্টেশনের এবিএম টাওয়ারের নিচ তলায় জনি দাশের মালিকাধীন বিএম এন্টারপ্রাইজ ও কামরুল হাসানের মালিকাধীন মেসার্স সুআদ এন্টারপ্রাইজের দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মঙ্গলবার একদল চোর অভিনব পন্থায় দোকানে ঢুকে প্রায় চার লক্ষ চুরাশি হাজার টাকা চুরি করেন। দুপুরে মার্কেটে কেউ না থাকার সুযোগে গ্রিলের নিচের অংশ ফাঁক করে ঢুকে দোকান থেকে টাকা চুরি করে। চুরি করার সময় আরো ৪/৫জন বাইরে সতর্ক পাহারা রাখেন। সিসিটিভি ফুটেজ যা স্পষ্ট দেখা যায়। পরে চোরের দল বের হয়ে একটি সিএনজি সহকারে এলাকা ত্যাগ করতে দেখা যায়।

এই বিষয়ে জনি দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুপুরে ব্যবসায়িক কাজে সকলেই বাইরে অবস্থান করছিলো। আর পুরো মার্কেটে যেহেতু সকলেই এজেন্সির ব্যবসা করে, তাই দিনের বেলায় সকলের দোকান বন্ধ থাকে। এসময়ের সুযোগ নিয়ে চোরের দল আমার ও আমার পাশের এক দোকানে ঢুকে নগদ অর্থ চুরি করে। কোম্পানিকে অনলাইনে টাকা দেয়ার জন্য ক্যাশে টাকা গচ্ছিত ছিল। এই বিষয়ে আমরা কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
