ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কস্থ ব্যাঙছড়ি সংযোগ সেতুটি দীর্ঘ ৬০ বছরেও সংস্কার না হওয়ায় হুমকির মুখে পড়েছে। যেকোন সময় সেতুটি ধসে হতে পারে বড় ধরণের দুর্ঘটনা। সড়কটির ওপরের অংশ দেখে মনে হয় একদম ফিটফাট, কিন্ত ভিতরের অংশে রয়েছে ফাটল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত রিং সেতুর ওপরের সাইড একদম ফিটফাট সকল ধরনের হালকা এবং ভারিযান চলাচল করছে। কিন্তু রিং সেতুর নিচে গিয়ে দেখা যায় অন্যচিত্র। সেতুটির চারপাশে ব্যাপক ক্র্যাক সৃষ্টি হয়ে লম্বা এবং গোলাকার ফাটল সৃষ্টি হয়েছে। সড়কের ওপর যত বেশি চাপ পরছে ততই ধীরে ধীরে ফাঁটল বাড়ছে।
ট্রাক চালক ফরিদ ও শাহজাহান জানান, সড়ক দিয়ে গাড়ি চালাতে ভয় পাচ্ছি, কখন কি ঘটে যায়।
অটোরিকশা চালক আবু বক্কর ও হিরুন জানান, প্রতিনিয়ত ভারী যান চলাচল করছে, যার কারণে সেতুটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
ইউপি সদস্য ইমান আলী জানান,এ সড়কটি পাকিস্তান আমলে করা হয়েছে। কিন্তু সেতুর কোন সংস্কার এযাবত না করার ফলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেতুর নিচের অংশে বড় ফাটল ধরেছে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানকে এই সেতুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সড়ক বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছি।
সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদারের জানান, বিষয়টি ইউএনও বলার সাথে সাথে আমরা একটি তদন্ত টিম পাঠিয়েছি। তদন্ত টিম রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।
