রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক্যাল ইন্সটিটিউট-এর ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ এজাবুর আলমকে ভোলা পলিটেকনিক্যালে বদলী করা হয়েছে।
৮ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইডব্লিউ) সাক্ষরিত এক অফিস আদেশে এই বদলীর আদেশ দেয়া হয়।
এজাবুর আলম বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর টেক/সিভিল বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।
তার বিরুদ্ধে একাধিক ছাত্রী ফেসবুকে ইনবক্সে ও সরাসরি ফোনে যৌন নিপিড়ন ও আপত্তিকর কথাবার্তার মাধ্যমে হয়রানি এবং কুপ্রস্তাব দেয়ার অভিযোগ আনে। এরই প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠে কারিগরি প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে। গত কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা তার অপসারণ দাবিতে। এর জেরেই এই বদলীর আদেশ আসল।
বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন জানিয়েছেন, তাকে বদলীর আদেশ আমি হাতে পেয়েছি। পুরো বিষয়টিই এখন কারিগরি অধিদপতরের হাতে। ‘বদলীই একমাত্র শাস্তি কিনা’-এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরা আর আমার হাতে নেই,পুরোটাই কারিগরি শিক্ষা অধিদপতরের হাতে,তারাই বলতে পারবে।’
