বাঘাইছড়ি প্রতিনিধি ॥
২০২০-২১ অর্থ বছরে বাঘাইছড়ি পৌরসভার বরাদ্দকৃত মধ্যমপাড়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে মধ্যমপাড়া গ্রামবাসী। সোমবার সকালে একটি মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে চৌমুহনী চত্বরে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মধ্যমপাড়া বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রবীণ ব্যক্তি মো. ওমর আলী ফরায়েজী, সামাজিক সংগঠক মাহমুদুল হাসানসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, গতবছর ডিসেম্বর মাসে রাস্তার কাজ শুরু হয় কিন্তু কিছুদিন পর কাজ বন্ধ হয়ে যায়, বর্তমানে রাস্তা দিয়ে হাঁটাচলার কোন অবস্থা নেই, রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া-আসা কোনভাবেই সম্ভব নয়, রাতের বেলায় মুসল্লিরা মসজিদে যেতে পারে না, বাজার করে কাদার মধ্যদিয়ে বাড়িতে যেতে হয় বাজার মাথায় নিয়ে।
দীর্ঘ ৮ মাসের অধিক সময় ধরে রাস্তার খারাপ অবস্থার কারণে মধ্যমপাড়াবাসীর মনে ক্ষোভের সৃষ্টির হয়েছে। দ্রুত রাস্তার কাজ শেষ করার আহ্বান জানান এলাকাবাসী।
