শুভ্র মিশু ॥
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ির ইউনিয়নের ৯নং ওয়ার্ড পরীহ্লামোন এলাকা থেকে এলিনা চাকমা (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে বিলাইছড়ি থানা পুলিশ। বুধবার বিকালে এলিনা চাকমার লাশ উদ্ধার করা হয়েছে বলে রাতে নিশ্চিত করেন বিলাইছড়ি থানার ইনচার্জ মো. আলমগীর।
থানার উপ-পরিদর্শক মো. মনির জানান, বিকালে এলিনার স্বজনদের নিয়ে কেংড়াছড়ির উঁচু পাহাড়ের ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। তাই কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাচ্ছে না। মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি মো. আলমগীর জানান, কিশোরীর মাথায় আঘাতের চিহ্ন আছে। পরিবারের দাবি প্রেমের মাধ্যমে শান্তি জীবন চাকমা নামে একজনের সাথে আন্টি পরানো হয়েছে। কিছুদিন ধরে মনমালিন্য চলছে তাদের মধ্যে। এর কারণেই এমন হত্যা দাবি করছে এলিনার পরিবার। তারা ময়নাতদন্তের জন্য রাঙামাটি গেছে, লাশ ময়নাতদন্তের শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে, এবং তখন পরিবার মামলা করতে পারে।
