যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ রাঙামাটিতে
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উক্যাসিং মারমার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাঙামাটি জেলা যুবলীগ।
মঙ্গলবার সকালে শহরের পৌরসভা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, পৌর যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে পাহাড়িরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হলে আঞ্চলিক দলের সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উক্যাসিং মারমাকে হত্যার উদ্দেশ্যে আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হামলার করে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন। এভাবে হামলা করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ একটি অ-সাম্প্রদায়িক সংগঠন। পাহাড়ের স্থায়ী শান্তির জন্য আমরা চুক্তি করেছি, আর আজ আমাদের দলকে ধংস করতে একটি আঞ্চলিক দলে উঠে পড়ে লেগেছে।
বক্তারা সম সাময়িক বিষয় নিয়ে আরও বলেন, শুধু আঞ্চলিক দলই নয় পাহাড়ে রাজপথে বিএনপি-জামায়তকে মোকাবেলা করতে হচ্ছে। দেশকে আবার অস্থিরতা তৈরি করতে বিভিন্ন সংগঠন মাঠে নেমেছে। সকল নেতা কর্মীদের সর্তক থাকতে বলেন এবং তাদের রাজপথে থেকে মোকাবেলারও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
উক্যাসিং মারমাকে যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
