নিজস্ব প্রতিবেদক ॥
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা ও তাঁর সমাধির নিঃস্বার্থ পাহারাদার দয়াল কৃষ্ণ চাকমা অসুস্থ হয়ে শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন দয়াল কৃষ্ণ চাকমাকে দেখতে রবিবার হাসপাতালে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি দয়াল কৃষ্ণ চাকমার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি দয়াল কৃষ্ণ চাকমার চিকিৎসার ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ দায়িত্বরতদের সাথে কথা বলেন এবং তাঁর সুচিকিৎসার ব্যাপারে অনুরোধ জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা দয়াল কৃষ্ণ চাকমার চিকিৎসার সকল খরচ বহন করার দায়িত্ব নেন। এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালে আরএমও ডাক্তার শওকত আকবর খানসহ রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্সগণ উপস্থিত ছিলেন।
এদিকে, দু’দিন আগে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাঘাইছড়ি উপজেলাধীন আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী ও আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের চিকিৎসার খোঁজ খবরও নিয়েছেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান। এসময় তিনি অসুস্থ নেতাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসার খবরাখবর নেন।
