কাপ্তাই প্রতিনিধি ॥
৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে হ্রাস করে তিন বছরে রূপান্তর করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ফের রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিএসপিআই চত্বরে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এইসময় প্রতিষ্ঠানের অটোমোবাইল ডিপার্টমেন্টের ৭ম পর্বে অধ্যয়নরত মোহাম্মদ খোকন ও সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রতিষ্ঠান চত্বরে প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে মিছিলের নেতৃত্বে থাকা মোহাম্মদ খোকন কর্মসূচি ঘোষণা ও তাদের দাবি আদায়ের লক্ষ্যে সকল ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশে কম্পিউটার ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের ছাত্র তছলিম ভূঁইয়া, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের মহিবুল্লাহ, সিভিলউড ডিপার্টমেন্টের ৩য় সেমিস্টারের মাইনুন নিশিসহ অনেকে বক্তব্য দেন।
