মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমা আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মাটিরাঙ্গা বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার মাটিরাঙ্গা আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরানবাজার এলাকার মো. রোশন আলীর মেয়ে। সে নোয়াখালী জেলার সেনবাগের মো. আবব্দুল্লাহর স্ত্রী। সে দাদীর কুলখানী শেষে নোয়াখালীতে শ্বশুরবাড়ি ফিরছিল।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ওই নারী মাহিন্দ্র যোগে মাটিরাঙ্গা আসার পথে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় ঝুকিপুর্ন মোড়ে মাহিন্দ্র থেকে ছিটকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রুমা আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে থেকে মরাদেহর ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এই রিপোর্টটি লেখা পর্যন্ত ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১৮/১০৫ ধারায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘাতক পাথর বোঝাই ট্রাক ও মাহিন্দ্র গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে, তবে দুই গাড়ির চালক পলাতক রয়েছে।
