কাপ্তাই প্রতিনিধি ॥
৪ বছরের কারিগরি ডিপ্লোমা কোর্স ৩ বছরে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। তবে ৩ বছর নয়, এই কোর্স ৪ বছরই চায় কাপ্তাইয়ের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রছাত্রীরা। এইসময় তাঁরা। ৪ দফা কর্মসূচির ঘোষণা দেন।
বুধবার রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ৪ দফা কর্মসূচির ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অটোমোবাইল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের ছাত্র মো. খোকন। তার সঙ্গে নেতৃত্ব দেন সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিন।
এর আগে প্রতিষ্ঠান চত্বর থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি কাপ্তাই-জীবতলী সড়ক হয়ে লকগেট প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।
শিক্ষমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসময় সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিন বলেন, তিনি যে বক্তব্য দিয়েছেন তা আমাদের জন্য যথোপযোগী নয়। আমরা এমন সিদ্ধান্ত মানি না।
