মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলু চৌধুরীর সঞ্চালনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিন্তা হরণ শর্মা। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী দিনে সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে কবুতর ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
