খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ভেঙে পড়া গেইটের চাপায় শিক্ষার্থী শ্রাবণ দেওয়ান নিহতের ঘটনায় তদন্ত কাজ শুরু হয়েছে। রবিবার সকালে একই সাথে দুটি তদন্ত কমিটির সদস্যরা খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এলজিইডি গঠিত তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন এলজিইডি‘র চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এনামুল হক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের গঠিত দলের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা।
এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনসহ এলজিইডি, শিক্ষা বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তদন্ত দলের সদস্যরা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক, অভিভাবক ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথেও কথা বলেন।
উল্লেখ্য গত বুধবার সকালে পৌর শহরের খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ভেঙে নিহত হন বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী শ্রাবণ দেওয়ান।
