লংগদু প্রতিনিধি ॥
২০১২ সাল থেকে আজকের এই দিনটিতে পালিত হয়ে আসছে বিশ্ব হাতি দিবস হিসেবে। বাঘ, সিংহের পর যে প্রাণিটির কথা সবার চোখের সামনে ভেসে ওঠে তার নাম হাতি। জীব জগতের বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণি এটি।
বিশ্ব হাতি দিবস উপলক্ষে রাঙামাটির লংগদুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগ রাঙামাটির সহকারি বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগ রাঙামাটির বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র। আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি এলাকা লংগদু উপজেলার ভাসান্যাদম। কারণ, এখানে হাতির বসবাস আছে। হাতি সুরক্ষায় মানুষের করণীয় অনেক কাজ আছে। আমরা চেষ্টা করবো মানুষ এবং হাতির দ্বন্দ্ব নিরসন করে হাতির নিরাপদ আশ্রয় ফিরিয়ে দিতে। হাতি খাদ্য, বাসস্থান ও পানীয় জলের অভাবে লোকালয়ে চলে আসে। এতে করে মানুষের ফসল, ঘরবাড়ি ও জানমালের ক্ষতি হয়। বন বিভাগের পক্ষ হতে হাতি অধ্যুষিত অঞ্চলে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মধ্যে হাতির খাবার উপযোগী ফসলের চাষ, জলাধার নির্মাণ এবং নিরাপদ বাসস্থান নির্মাণ অন্যতম। শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করা হবে।
স্টেশন কর্মকর্তা সাজিব মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এ্যলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য ও ইউনিয়ন পরিষদের মেম্বার আনিসুর রহমান, স্থানীয় শিক্ষক ও ইআরটি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, ইউনিয়ন পরিষদের সদস্য মো.ফিরোজ মিয়া, স্থানীয় ইমাম মাও. নুরুল ইসলাম।
