খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারাতে শান্তি পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ২জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব ১৪-০৮৮০ ও খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো-উ ১৪-১৮২০ গুইমারা উপজেলার বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর স্থানীয়রা, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাভার্ড ভ্যান চালক শহিদুল ইসলাম (৪০)কে মৃত ঘোষণা করে। সে বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় আহত অবস্থায় শান্তি পরিবহনের চালক কাঞ্চন ও কাভার্ডভ্যানের হেলপার শরীফ হোসেনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
