সাইফুল হাসান ॥
রাঙামাটির অটোরিকশা ভাড়া নির্ধারণের পরেও ভাড়া বেশি নেয়ার অভিযোগ আসায় পাহাড় ২৪ এবং দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকায় ‘প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে ইচ্ছে মত ভাড়া আদায়ের অভিযোগ’ এই শিরোনামে সংবাদ প্রচারের পর তৎক্ষণাৎ রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযুক্ত দুই চালককে শাস্তি প্রদান করেন। সোমবার রাতে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সমিতির কার্যালয়ে এ বিচার অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ সমিতির অন্যন্যা নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সভা থেকে অভিযুক্ত (গাড়ি নাম্বারের শেষ ডিজিট-১৯৯) চালক আবদুল রহমান এবং (গাড়ি নাম্বারের শেষ ডিজিট-২৬৫) হরি লালকে সাংগঠনিকভাবে শাস্তি প্রদান করা হয়।
সভা শেষে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার বলেন, আমরা সাংগঠনিকভাবে কঠোর অবস্থানে রয়েছি। প্রশাসন থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা আমরা নিবো এবং কোন চালক যদি বাড়তি ভাড়া নেয় কিংবা কোন খারাপ আচরণ করে সে বিষয়ে যদি অভিযোগ আসে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবো।
সভায় রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, আমরা চাই সকলে মিলেমিশে যেনো থাকতে পারি। আশা করি ভবিষ্যতে এরকম আর কোন অভিযোগ আমাদের কাছে আসবে না। আসলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিবো।
এদিকে সমিতির এমন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী মুমতাহেনা চৌধুরী মুমু। তিনি বলেন, সমিতি যে এরকম দ্রুত ব্যবস্থা নিবে ভাবিনি। তাদের কর্মকান্ডে আমরা সন্তুষ্ট। আশা করছি ভবিষ্যতে এরকম আর হবে না তারা নিয়ম অনুসারে ভাড়া নিবে। আমরাও তাদের পাশে থাকবো। মিলেমিশে এক শহরে বাস করবো এটাই আমাদের প্রত্যাশা।
