নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাঙামাটির বিভিন্ন সনাতনী সংগঠনসহ সর্বস্তরের সনাতনী সমাজের মানুষ অংশগ্রহণ করে।
সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অজিত শীলের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সনাতন যুব পরিষদ রাঙামাটি পৌর শাখার সভাপতি উজ্জল চৌধুরী। এছাড়াও সনাতন যুব পরিষদ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব সিংহ, রাঙামাটি মেডিকেল কলেজ বাণী অর্চনা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ স্নেহাশীষ চক্রবর্তী, গীতা শিক্ষা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি পুরোহিত কল্যাণ সমবায় সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী, রাঙামাটি রাধা রাস বিহারী মন্দিরের অধ্যক্ষ নিতাই নুপুর দাস ব্রহ্মচারী, রাঙামাটি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর রূপসী দাশ গুপ্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সমাবেশে বক্তারা বলেন, বারবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলাসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সর্বশেষ নড়াইলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নয়। অতীতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়া এইসব সাম্প্রদায়িক হামলার জন্য দায়ী। বক্তারা অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
