লংগদু প্রতিনিধি ॥
‘সমাজে এক শ্রেণির মানুষ আছে যারা নানাভাবে সমাজের মধ্যে বিভেদ লাগিয়ে রাখে। কখনো পাহাড়ি-বাঙালি, কখনো হিন্দু মুসলিম এবং ধর্মের নামে দ্বন্দ্ব তৈরি করে। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না। সমাজকে আলোকিত করতে হলে আলোকিত মানুষের প্রয়োজন। ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী আলোকিত মানুষ গড়তে কাজ করছে বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার বিকালে রাঙামাটির লংগদুতে ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাংসদ দীপংকর তালুকদার। তিনি আরো বলেন, সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। প্রত্যন্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সহযোগিতা করছে। সম্প্রতি লংগদু উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের ও সমাজের উন্নয়ন বেগবান হবে। ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী এলাকায় শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে। ভবিষ্যতে তাদের যে কোনো কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলাশাখালীর স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ ইবনে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গুলশাখালী বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, ডাক, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন, জেলা পরিষদের সদস্য আবদুর রহিম।
গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সেলিম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু নাছির, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে লংগদু উপজেলা থেকে চাকরি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক লতিফা ইয়াসমিন, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট নাজমুল হোসাইন, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবু রায়হান, ডা. মনিরুল ইসলাম মাসুদকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী। পরে গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
