নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শুক্রবার বিকালে তিনটায় বান্দরবান বাজারের আওয়ামীলীগ মোড় থেকে রথযাত্রা উৎসব কমিটির ব্যানারে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি লক্ষী পদ দাস, উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জনী সুশীল উপস্থিত ছিলেন।
এদিকে সকালে রথযাত্রা উপলক্ষে সকালে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উপলক্ষে দিনব্যাপী চলছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।
রথযাত্রাটি রশি দিয়ে টেনে শ্রী শ্রী রক্ষাকালি মন্দির বালাঘাটায় নেওয়া হয়। আগামী ৯ জুলাই ফিরতি রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।
