কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে কাপ্তাই হ্রদে পড়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের নাম নুরুল আলম (৮০)। তিনি উপজেলার কাপ্তাই ইউনিয়নের বাঁশকেন্দ্র এলাকার বাসিন্দা বলে জানান কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বৃদ্ধের মৃতদেহ বড়ঘোনা এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদ হতে উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কাপ্তাই বাঁশকেন্দ্র এলাকায় বসবাসরত মো. নুরুল আলম বৃহস্পতিবার দুপুরে গরুর জন্য নৌকাযোগে পার্শ্ববর্তী পাহাড়ে ঘাস কাটতে যায়। বিকালের মধ্যে ওই বৃদ্ধ বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন পাহাড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তার নৌকা ও ঘাস কাটার কাঁচি পাওয়া গেলেও বৃদ্ধকে পাওয়া যায়নি। অবশেষে ১৮ ঘণ্টা পর কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় শুক্রবার সকালে বৃদ্ধের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ঘাস কেটে মাথা ঘুরে অথবা স্ট্রোক করে কাপ্তাই হ্রদে পানির নিচে পড়ে যাওয়ায় বৃদ্ধ আর উঠে আসতে না পাড়ায় তার মৃত্যু হয়। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
