কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে পাহাড়ধস, ভূমিধস, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামসুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ওমর ফারুক রনিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, কাপ্তাই থানার প্রতিনিধি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের প্রতিনিধি, আনসার প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় চলমান ভারী বর্ষণে পাহাড়ধস থেকে দুর্ঘটনা এড়াতে কাপ্তাইয়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত সাধারণ মানুষদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রসমূহে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এইসময় প্রশাসনের পক্ষ হতে কাপ্তাই উপজেলায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত আছে।
